সেটআপ গাইড · একবারই করতে হয়
Meta Conversions API চালু করা
অর্ডারের খবর ব্রাউজার নয়, আপনার সার্ভার থেকে সরাসরি Meta-তে যায়। ন’টা ধাপ, ১৫–২০ মিনিট।
নিশ্চিত কোনো ব্রাউজার পিক্সেল বসায় না — এক লাইন JavaScript-ও না। সব ইভেন্ট সার্ভার থেকে যায়। তাই ডাবল কাউন্টিং হওয়ার পথ নেই, আর “ব্রাউজার পিক্সেল বন্ধ করুন” জাতীয় কোনো সেটিংও খুঁজতে হবে না।
যা লাগবে: Meta Business Manager-এ অ্যাডমিন অ্যাক্সেস, আর নিশ্চিত ১.৪.০ বা তার পরের ভার্সন।
Meta-র দিকে
ধাপ ১–৪-
১
Dataset (পিক্সেল) আইডি নিন
Events Manager খুলুন → বাঁ পাশে Data sources → যে dataset-এ আপনি বিজ্ঞাপন দেন সেটা বাছুন। একাধিক থাকলে নাম দেখে নিশ্চিত হয়ে নিন — ভুলটায় পাঠালে ইভেন্ট যাবে ঠিকই, কিন্তু কোনো ক্যাম্পেইন সেটা শিখবে না।
নামের নিচের ১৫ বা ১৬ অঙ্কের নম্বরটাই Pixel id। কপি করে রাখুন।
-
২
Access token বানান
ওই dataset-এর ভিতরেই Settings → নিচে নামুন Conversions API অংশে → Generate access token।
টোকেনটা একবারই দেখাবে। এখনই কপি করে নিশ্চিতে বসিয়ে দিন। হারালে নতুন করে বানাতে হবে।
Meta তাদের পর্দার লেখা মাঝে মাঝে বদলায়। বোতামটা না পেলে dataset-এর Settings পাতায় “Conversions API” কথাটা খুঁজুন — অংশটা সরে না।
-
৩
টোকেনটা কার নামে, দেখে নিন
Generate বোতামটা নিজে থেকেই একটা System user বানিয়ে টোকেনটা তার নামে দেয়। Business Settings → Users → System users-এ দেখে নিন আপনার dataset-টা সেই ইউজারে assign করা আছে।
ব্যক্তির নামের টোকেন সে ব্যবসা ছাড়লেই মরে যায়, আর কেউ টের পায় না যতক্ষণ না রিপোর্ট ফাঁকা দেখায়।
-
৪
Test event code নিন — শুধু পরীক্ষার সময়
একই dataset-এ Test Events ট্যাব। উপরে
TEST12345ধরনের একটা কোড থাকে। এটা দিয়ে পাঠানো ইভেন্ট ওই পর্দায় সাথে সাথে দেখা যায়, আর অপটিমাইজেশনে ব্যবহার হয় না।লাইভে যাওয়ার আগে ঘরটা খালি করতে ভুলবেন না। কোড বসানো থাকলে আপনার আসল বিক্রিগুলোও “পরীক্ষা” হয়েই থেকে যাবে, আর Meta সেগুলো দিয়ে কিছুই শিখবে না।
নিশ্চিতের দিকে
ধাপ ৫–৯-
৫
মডিউলটা চালু আছে কিনা দেখুন
Nishchit → Features-এ Advertising events টিক দেওয়া থাকতে হবে। বন্ধ থাকলে Advertising পাতা খুললেও উপরে লেখা থাকবে যে এখান থেকে কিছুই পাঠানো হচ্ছে না।
-
৬
তিনটা ঘর ভরুন, তারপর যাচাই করুন
Nishchit → Advertising → The connection।
Pixel idধাপ ১-এর নম্বর। ১৫ বা ১৬ অঙ্ক।
Access tokenধাপ ২-এর টোকেন। এনক্রিপ্ট করে রাখা হয়, পরে আর দেখানো হয় না। ঘর খালি রেখে সেভ করলে আগেরটাই থাকে।
Test event codeধাপ ৪-এর কোড। লাইভে যাওয়ার আগে খালি করুন।
সেভ করে Check the connection চাপুন। এটা Meta-কে জিজ্ঞেস করে পিক্সেলটা কার — আপনার বিজ্ঞাপনের ডেটায় কিছু লেখে না, তাই যতবার খুশি চাপা যায়। উত্তর না এলে সমস্যা টোকেনে, পিক্সেল নম্বরে নয়।
-
৭
বিক্রিটা কখন গোনা হবে, ঠিক করুন
এই পাতার একমাত্র সিদ্ধান্ত যেটা নিয়ে ভাবতে হয়। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার বসা আর টাকা আসা এক জিনিস না।
কখন পাঠাবে কার জন্য খেয়াল স্ট্যাটাসে পৌঁছালেডিফল্ট সব COD দোকান নিচের ঘরে স্ট্যাটাস বাছুন — বেশিরভাগ দোকান Delivered রাখে, যেখানে টাকাটা সত্যি। কাস্টমারের রেকর্ড ভালো হলে যারা তাড়াতাড়ি ফিডব্যাক চায় অর্ডার বসামাত্র যায়, তবে শুধু সেই নম্বরের জন্য যার ডেলিভারি রেকর্ড আপনার বসানো হারের উপরে (ডিফল্ট ৭৫%)। ফ্রড চেক সেটআপ থাকতে হবে। রেকর্ড না থাকলে স্ট্যাটাসের জন্য অপেক্ষা করে। অর্ডার বসামাত্র প্রিপেইড দোকান বাজারের বেশিরভাগ প্লাগিন এটাই করে। COD-তে এটা Meta-কে এমন লোক খুঁজতে শেখায় যারা অর্ডার করে দরজায় নেয় না — আর সেই শিক্ষার দাম আপনি দুইবার দেন। -
৮
পরে কী কী জানাবে
What Meta hears afterwards — অর্ডার কোন অবস্থায় গেলে Meta কী নামে খবর পাবে। ডিফল্ট তিনটা:
Delivered,Returned,Confirmed।এগুলো আপনার নিজের নাম, Meta-র স্ট্যান্ডার্ড ইভেন্ট নয় — Ads Manager-এ কাস্টম কনভার্শন বানানোর সময় হুবহু এই নামেই খুঁজবেন। ঘর খালি করে দিলে ওই অবস্থার খবর যাওয়া বন্ধ।
ট্রিগারটা স্ট্যাটাসের ধরন, কাঁচা স্ট্যাটাস নয় — তাই “Delivered” নাম বদলে অন্য কিছু রাখলেও এটা ভাঙবে না।
-
৯
দরকার হলে: আলাদা পিক্সেল, আর বাদ দেওয়া পাতা
A different pixel for some pages — কোনো ফানেল আলাদা পিক্সেলে মাপতে চাইলে পাতার ঠিকানার একটা অংশ দিয়ে নিয়ম বানান। কাস্টমার যে পাতা দিয়ে এসেছিল সেটা অর্ডারে মনে রাখা থাকে, তাই সেটাই ঠিক করে কোন পিক্সেলে যাবে। নিয়মে আলাদা টোকেন না দিলে দোকানেরটাই ব্যবহার হয়।
Pages never tracked — প্রতি লাইনে ঠিকানার একটা অংশ। এই পাতাগুলো থেকে হওয়া অর্ডার কোনো পিক্সেলেই যাবে না।
দুই জায়গাতেই যা লিখবেন তা ঠিকানার টুকরো, রেগুলার এক্সপ্রেশন নয়। ডট মানে ডট, আর কিছু না।
কাজ করছে কিনা দেখা
প্রথম দিনTest event code বসানো অবস্থায় একটা অর্ডার বসান, তারপর Meta-র Test Events পর্দা দেখুন — সেকেন্ডের মধ্যে আসার কথা।
তারপর নিশ্চিতের নিজের হিসাব: Advertising পাতার নিচে What has been sent। প্রতিটা অর্ডারের বিপরীতে চারটার একটা অবস্থা থাকে।
| অবস্থা | মানে |
|---|---|
| sent | Meta নিয়েছে। |
| held | ধরে রাখা — আপনার বাছা স্ট্যাটাসে অর্ডারটা এখনো পৌঁছায়নি। ভুল নয়, আর এটাকে কখনো sent লেখা হয় না, কারণ তাতে যে টাকা আসেনি সেটাই ঢাকা পড়ত। |
| dropped | আর যাবে না, আর কারণটা পাশে লেখা — যেমন অর্ডার বাতিল। |
| failed | Meta নেয়নি। কারণসহ লেখা, পাশে Send again বোতাম। |
সাত দিনের সীমাটা Meta-র, আমাদের নয়। সাত দিনের পুরোনো ইভেন্ট Meta নেয় না — Invalid parameter বলে ফিরিয়ে দেয়, আর মানুষ তখন অকারণে টোকেন নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে। তাই পুরোনো সারিতে Send again বোতামটাই থাকে না, তার জায়গায় কথাটা লেখা থাকে। হিসাব ১৪ দিন রাখা হয়।
যে ভুলগুলো আসলে হয়
সাপোর্টে যা আসে- Test event code বসানো রেখে লাইভে চলে যাওয়া। সবচেয়ে বেশি হয়। ইভেন্ট যাচ্ছে, দেখাও যাচ্ছে, অথচ কোনো ক্যাম্পেইন কিছু শিখছে না।
- COD দোকানে “অর্ডার বসামাত্র” বেছে নেওয়া। সংখ্যা বড় দেখায় বলে লোভ লাগে। কিন্তু আপনি টাকা দিয়ে Meta-কে শেখাচ্ছেন কারা অর্ডার করে দরজায় ফিরিয়ে দেয়।
- ভুল dataset-এ পাঠানো। একাধিক পিক্সেল থাকলে Check the connection চেপে দেখে নিন কার নাম আসে।
- ব্যক্তির নামের টোকেন। সে ব্যবসা ছাড়লে টোকেন মরে। System user-এর টোকেন ব্যবহার করুন।
heldদেখে ভয় পাওয়া। এটাই স্বাভাবিক — অর্ডার ডেলিভারড হলে নিজেইsentহয়ে যাবে।