সর্বশেষ হালনাগাদ ২০ অক্টোবর ২০২৬
প্রাইভেসি পলিসি
নিশ্চিত কী কী তথ্য নেয়, কেন নেয়, আর কোথায় রাখে — পুরোটা নিচে। প্রথমেই একটা কথা: নিশ্চিতের দুটো আলাদা রূপ আছে, আর দুটোতে তথ্য দুই জায়গায় থাকে। কোনটা আপনি ব্যবহার করছেন সেটা আগে দেখে নিন।
দুটো রূপ, দুই জায়গায় তথ্য
প্লাগিন — নিজের WordPress সাইটে বসিয়ে ব্যবহার করলে কাস্টমারের নাম, ফোন, ঠিকানা, অর্ডার সবই আপনার নিজের হোস্টিংয়ের ডেটাবেজে থাকে, ঠিক যেমন WooCommerce-এ থাকত। আমরা সেটা পড়ি না, কপি করি না, আমাদের সার্ভারে জমা হয় না। অ্যাপ সরাসরি আপনার সাইটের সাথেই কথা বলে।
প্লাগিনে AI — একটাই ব্যতিক্রম, আর শুধু যা পড়তে দেওয়া হয়: অর্ডার ডেস্কে "Fill with AI" চাপলে পেস্ট করা মেসেজ আর আপনার যে প্রোডাক্টগুলোর সাথে সেটা মিলতে পারে সেগুলোর নাম-দাম, আর যে ঠিকানার পোস্টকোড প্লাগিন নিজে বের করতে পারেনি সেই ঠিকানা, আমাদের সার্ভার হয়ে OpenAI-তে যায় পড়ার জন্য। আমাদের সার্ভারে থাকে শুধু কতবার পড়া হলো তার হিসাব, মেসেজ বা ঠিকানা নয়। প্লাগিনের Nishchit → Features থেকে এটা বন্ধ করা যায়।
নিশ্চিত SaaS — nishchitbd.com-এ দোকান খুলে ব্যবহার করলে ব্যাপারটা উল্টো: তখন অর্ডারের সব তথ্য আমাদের সার্ভারে থাকে। কাস্টমারের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, কী কিনেছেন, কত টাকা, কুরিয়ারে গেল কি না — সবই। নিচের বাকি অংশটা এই রূপের কথা।
SaaS-এ আপনার কাস্টমারদের তথ্য
আপনি যেসব তথ্য অর্ডারে বসান — নাম, মোবাইল, ঠিকানা, পণ্য, টাকা — সেগুলো আমাদের সার্ভারের ডেটাবেজে থাকে, প্রতিটা সারিতে আপনার দোকানের নম্বর বসানো অবস্থায়। এক দোকানের তথ্য আরেক দোকান দেখতে পায় না।
আমরা এই তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকে দিই না, আর অন্য কোনো কাজে ব্যবহার করি না। সাপোর্টে আপনি নিজে না বললে আমরা আপনার অর্ডার খুলে দেখি না।
আপনি চাইলে যেকোনো সময় দোকানের সব তথ্য নামিয়ে নিতে পারবেন, আর দোকান বন্ধ করতে বললে তথ্যও মুছে যাবে।
আপনার কাস্টমারদের কাছে আপনিই দায়ী — তাদের তথ্য কীভাবে ব্যবহার হবে সেটা তাদের জানানো আপনার কাজ। আমরা শুধু আপনার হয়ে সেটা রাখি ও প্রক্রিয়া করি।
কুরিয়ারের রেকর্ড সবার মিলিয়ে দেখা — যেটা আপনি চাইলে তবেই
SaaS-এ একটা ঐচ্ছিক জিনিস আছে: নিশ্চিতের সব দোকান মিলে একটা মোবাইল নম্বর সম্পর্কে যা জানে, সেটা একসাথে দেখা। এটা ডিফল্টে বন্ধ — সেটিংস থেকে নিজে চালু না করলে আপনার কিছুই যায় না, আর আপনি কিছুই দেখতেও পান না।
চালু করলে যা যায়: ওই নম্বরটা কতবার ডেলিভারি নিয়েছে, কতবার ফেরত দিয়েছে, কতবার বাতিল হয়েছে — শুধু এই তিনটে সংখ্যা। নাম যায় না, ঠিকানা যায় না, অর্ডার নম্বর যায় না, টাকার অঙ্ক যায় না, কোন দোকান থেকে গেল সেটাও দেখা যায় না।
নম্বরটাও সরাসরি রাখা হয় না। সার্ভারে থাকা একটা গোপন চাবি দিয়ে সেটাকে এমনভাবে বদলে ফেলা হয় যে ওখান থেকে আসল নম্বর ফিরে পাওয়া যায় না — চাবিটা ডেটাবেজে নেই, তাই ডেটাবেজ চুরি হলেও নম্বরগুলো বের করা যাবে না।
অন্তত তিনটা দোকান কোনো নম্বর সম্পর্কে কিছু না দিলে সেই নম্বরের হিসাব কাউকে দেখানো হয় না — নাহলে কে কী দিয়েছে সেটা হিসাব করে বের করা যেত।
বন্ধ করে দিলে আপনি যা দিয়েছিলেন সেটা মুছে ফেলা হয়, শুধু নতুন করে যোগ হওয়া বন্ধ হয় না।
ব্ল্যাকলিস্ট কখনো শেয়ার হয় না। কোন কাস্টমারকে আপনি ফিরিয়ে দিয়েছেন সেটা আপনার মত, ডেলিভারির রেকর্ড নয়।
এই ওয়েবসাইট যা নেয়
অর্ডার ফর্মে আপনি যা লেখেন: নাম, WhatsApp নম্বর, ইমেইল আর যে ডোমেইনে লাইসেন্স বসবে। এগুলো লাইসেন্স তৈরি করতে, আপনাকে কী পাঠাতে আর সাপোর্ট দিতে লাগে।
পেমেন্টের সময় কার্ড বা বিকাশের তথ্য সরাসরি SSLCommerz-এ যায়। আমরা কার্ড নম্বর দেখি না, রাখি না।
সার্ভারের সাধারণ লগ — কোন পাতা কখন খোলা হলো। এতে কারও পরিচয় থাকে না।
কুকি আর বিজ্ঞাপনের মাপজোখ
এই ওয়েবসাইটে Meta-র (Facebook) একটা মাপার কোড বসানো আছে — কোন পাতা কতজন দেখলেন, আর বিজ্ঞাপন দেখে আসা কেউ শেষ পর্যন্ত ট্রায়াল নিলেন বা কিনলেন কি না, সেটা বোঝার জন্য। এটা শুধু এই ওয়েবসাইটের কথা; আপনার দোকানের অর্ডারের তথ্যের সাথে এর কোনো সম্পর্ক নেই — সেটা প্লাগিনে আপনার নিজের সার্ভারে, আর হোস্টেড সার্ভিসে আমাদের সার্ভারে আপনার দোকানের ঘরে থাকে।
এর জন্য আপনার ব্রাউজারে কুকি বসে। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করলে সাইট আগের মতোই চলবে, শুধু আমরা গুনতে পারব না।
ব্রাউজারের পাশাপাশি আমাদের সার্ভার থেকেও Meta-কে জানানো হয় যে একটা ট্রায়াল চাওয়া হয়েছে বা একটা পেমেন্ট সম্পন্ন হয়েছে। কারণ পেমেন্টের সময় আপনি অন্য সাইটে চলে যান আর ফিরে আসেন — মাঝপথে ব্রাউজারের হিসাবটা হারিয়ে যায়, সার্ভারেরটা যায় না।
তাতে যা যা যায়: আপনার নাম, ফোন নম্বর আর ইমেইল — তিনটিই শুধু হ্যাশ করা অবস্থায়, একমুখী, ফিরিয়ে পড়া যায় না। সাথে যায় আপনার IP ঠিকানা আর ব্রাউজারের পরিচয়, যেগুলো হ্যাশ করা যায় না, আর কোন প্ল্যান কত টাকায় নেওয়া হলো।
যা যায় না: আপনার নিজের দোকানের ডোমেইন নামটা Meta-কে পাঠানো হয় না। সেটা আপনার ব্যবসার পরিচয়, বিজ্ঞাপন মাপার জন্য ওটার কোনো দরকার নেই। লাইসেন্স কী, পাসওয়ার্ড বা পেমেন্টের তথ্যও যায় না।
Facebook-এর Ad Preferences থেকে আপনি নিজেই এই মেলানো বন্ধ করে দিতে পারেন।
পুশ নোটিফিকেশনে কী যায়
অ্যাপে নতুন অর্ডারের নোটিফিকেশনে শুধু অর্ডার নম্বর আর টাকার অঙ্ক যায় — কাস্টমারের নাম, ফোন বা ঠিকানা যায় না। এটা ইচ্ছে করেই, কারণ নোটিফিকেশন লক-স্ক্রিনে দেখা যায়।
ফেসবুক পেজ আর মেসেঞ্জার (নিশ্চিত SaaS চ্যাট)
কোনো দোকান তাদের ফেসবুক পেজ নিশ্চিতের সাথে যুক্ত করলে, শুধু সেই পেজের জন্য Meta থেকে আমরা পাই: পেজের আইডি, নাম আর একটা পেজ অ্যাক্সেস টোকেন; যিনি যুক্ত করলেন, এই অ্যাপের জন্য Facebook তাঁকে যে আইডি দেয় সেটা; পেজের সাথে মানুষের মেসেঞ্জার কথোপকথন (তাঁরা যে মেসেজ, ছবি, ফাইল পাঠান আর দোকানের উত্তর); আর যিনি মেসেজ করেন, Facebook যা দেয় সেই নাম ও প্রোফাইল ছবি।
এগুলো আমরা শুধু সেই দোকানের নিজের লগইন-করা স্টাফকে কথোপকথন দেখাতে, তাঁদের লেখা উত্তর পাঠাতে আর কথোপকথন থেকে অর্ডার বানাতে ব্যবহার করি। বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, অন্য দোকানকে দেখাই না, আর কেউ না লিখলে কোনো মেসেজ পাঠাই না।
এগুলো আমাদের নিজের সার্ভারে থাকে। কথোপকথন দোকানের রেকর্ড — দোকানের ঠিক করা সময় পর (ডিফল্টে ৯০ দিন) নিজে থেকেই মুছে যায়। দোকান পেজ বিচ্ছিন্ন করলে আমরা আর সেই পেজের মেসেজ পাই না, আর পেজের টোকেন মুছে ফেলি।
যিনি পেজ যুক্ত করেছিলেন, তিনি Facebook-এর সেটিংস (Business integrations বা Apps and websites) থেকে নিশ্চিত সরিয়ে দিলে Meta আমাদের জানায় — তখন তাঁর যুক্ত করা সব পেজ বিচ্ছিন্ন হয় আর সেগুলোর টোকেন মুছে যায়।
কোনো দোকানের সাথে আপনার মেসেঞ্জার কথোপকথন মুছতে চাইলে সেই দোকানকে বলুন, অথবা anik@flowsleek.com-এ লিখুন — আমরা মুছে দেব।
হোয়াটসঅ্যাপ বিজনেস (নিশ্চিত ক্লাউড চ্যাট)
কোনো দোকান তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস নম্বর নিশ্চিতের সাথে যুক্ত করলে, শুধু সেই নম্বরের জন্য Meta থেকে আমরা পাই: হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আইডি, ফোন নম্বর আইডি আর একটা অ্যাক্সেস টোকেন; আর সেই নম্বরের সাথে মানুষের হোয়াটসঅ্যাপ কথোপকথন (তাঁরা যে মেসেজ, ছবি, ফাইল পাঠান আর দোকানের উত্তর), সঙ্গে প্রেরকের হোয়াটসঅ্যাপ নম্বর আর হোয়াটসঅ্যাপ যে নাম দেয়।
এগুলো আমরা শুধু সেই দোকানের নিজের লগইন-করা স্টাফকে কথোপকথন দেখাতে, তাঁদের লেখা উত্তর পাঠাতে (হোয়াটসঅ্যাপের ২৪ ঘণ্টার সীমার মধ্যে) আর কথোপকথন থেকে অর্ডার বানাতে ব্যবহার করি। বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, অন্য দোকানকে দেখাই না, আর কেউ না লিখলে কোনো মেসেজ পাঠাই না।
এগুলো আমাদের নিজের সার্ভারে থাকে, দোকান যতদিন নিশ্চিত ব্যবহার করে ততদিন। দোকান নম্বর বিচ্ছিন্ন করলে আমরা আর সেই নম্বরের মেসেজ পাই না, আর নম্বরের টোকেন মুছে ফেলি। দোকান যে কোনো সময় একটা কথোপকথন মুছতে পারে।
কোনো দোকানের সাথে আপনার হোয়াটসঅ্যাপ কথোপকথন মুছতে চাইলে সেই দোকানকে বলুন, অথবা anik@flowsleek.com-এ লিখুন — আমরা মুছে দেব।
তৃতীয় পক্ষ
SSLCommerz — পেমেন্ট নেয়।
কুরিয়ার (Steadfast এবং পরে অন্যরা) — পার্সেল বুক করতে আপনি নিজে যে তথ্য পাঠান।
SMS গেটওয়ে — আপনি যে SMS পাঠান, তার নম্বর আর লেখা।
Google Firebase — পুশ নোটিফিকেশন পৌঁছে দিতে।
OpenAI — দোকানের স্টাফ নতুন অর্ডারে কাস্টমারের মেসেজ পেস্ট করলে সেটা পড়ে ফর্ম পূরণ করতে (নাম, ফোন, ঠিকানা, প্রোডাক্ট), হোস্টেড দোকানে আর প্লাগিনে দুটোতেই; প্লাগিনে যে ঠিকানার পোস্টকোড নিয়মে ধরা যায় না সেটা পড়তেও। মেসেজ বা ঠিকানা OpenAI রেখে দেয় না, প্রশিক্ষণেও ব্যবহার করে না; দোকান সেটিংস থেকে (প্লাগিনে Features থেকে) এটা বন্ধ করতে পারে।
Meta (Facebook) — এই ওয়েবসাইটের বিজ্ঞাপন মাপতে। উপরে "কুকি আর বিজ্ঞাপনের মাপজোখ" দেখুন।
Meta (Facebook Messenger) — দোকান নিজে পেজ যুক্ত করলে কথোপকথন আনতে আর উত্তর পাঠাতে। উপরে "ফেসবুক পেজ আর মেসেঞ্জার" দেখুন।
Meta (WhatsApp Business Platform) — দোকান নিজে হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করলে কথোপকথন আনতে আর উত্তর পাঠাতে। উপরে "হোয়াটসঅ্যাপ বিজনেস" দেখুন।
কতদিন রাখা হয়
লাইসেন্স আর পেমেন্টের রেকর্ড হিসাবের প্রয়োজনে রাখা হয়। সাপোর্টের কথোপকথন কাজ শেষ হওয়ার পর মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
অ্যাকাউন্ট আর তার তথ্য মুছে ফেলতে চাইলে WhatsApp-এ বা ইমেইলে বললেই হবে।
যোগাযোগ
যেকোনো প্রশ্নে WhatsApp +8801977141107 অথবা anik@hostthewebsite.com।